উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের শিকার হয়ে আলোচনায় আসা অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরী জীবনের কঠিন সময় পার করে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল জন্মদিনের দিন সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের বিভিন্ন উপলব্ধির কথা তুলে ধরেছেন। স্নিগ্ধা জানান, এই কঠিন সময়ে অনেকেই না জেনে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন, তবে ভালোবাসার মানুষের সমর্থন তাকে নতুন জীবন দিয়েছে। জন্মদিনকে কেবল বয়স বাড়ার দিন হিসেবে না দেখে আত্মোপলব্ধির দিন হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
জন্মদিন নিয়ে স্নিগ্ধা লিখেছেন, জন্মদিন মানেই শুধু আরেকটি বছর পার হয়ে যাওয়া নয়, বরং কোথা থেকে শুরু করেছিলাম আর আজ কোথায় এসে দাঁড়িয়েছি সেই পথটার দিকে একবার ফিরে তাকানো। এই শহর তাকে অনেক কিছু শেখানোর পাশাপাশি অনেক কিছু দিলেও তার কোনোটিই সহজে দেয়নি উল্লেখ করে তিনি জানান, অনেক দরজা বন্ধ হয়েছে এবং তাকে অনেকবার নিজেকে প্রমাণ করতে হয়েছে। গত ৪০ দিন তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল জানিয়ে তিনি বলেন, শারীরিক কষ্টের চেয়েও মানসিক যন্ত্রণা অনেক বেশি গভীর ছিল, যা হয়তো তার পরিবারের বাইরে আর কারও জানা নেই।
মানুষের বিচার খুব দ্রুত হয় এবং কেউ পুরো গল্প না জেনেই সিদ্ধান্ত নিয়ে নেয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, কেউ সত্যিটা জানার চেষ্টা না করেই একটি মানুষকে ভালো বা খারাপ বলে দেয়, আর কেউ আবার একজন মানুষের সবচেয়ে দুর্বল মুহূর্তটাকেই তার পুরো পরিচয় বানিয়ে ফেলে। তিনি সবকিছু দেখেছেন, অনুভব করেছেন এবং সহ্য করেছেন বলে উল্লেখ করেন। চিকিৎসকের পরামর্শেই এতদিন তিনি সামাজিক মাধ্যম থেকে দূরে ছিলেন বলেও নিজের পোস্টে জানিয়েছেন স্নিগ্ধা চৌধুরী।