উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সংগ্রহে সহায়তার কথা স্বীকার করায় সাংবাদিক থমাস পকেন দ্বিতীয়কে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। বিগত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের একটি হোটেল থেকে ৫০ বছর বয়সী পকেনকে গ্রেপ্তার করেছিল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে চীনের এক নারীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি, যাকে পকেন চীনা গোয়েন্দা এজেন্ট হিসেবে সন্দেহ করতেন। গত জুনে চীনের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেন পকেন। বেইজিংয়ে বসবাস করে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সম্পাদক ও ভাষ্যকার হিসেবে কাজ করতেন।
মার্কিন কৌঁসুলি এলি রস আদালতে জানান, গত সাত বছরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে প্রতিবেদন তৈরির জন্য চীনা সরকার তাকে ১ লাখ ডলার দিয়েছে। তার চীনা হ্যান্ডলার তাকে লাই-ডিটেক্টর পরীক্ষাও করিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে প্রতিবেদনগুলো প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও পৌঁছাত। পকেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে তার হ্যান্ডলারের যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
এফবিআই একপর্যায়ে পকেনকে ডাবল এজেন্ট হিসেবে কাজে লাগানোর চেষ্টা চালালেও তিনি পরে তদন্তকারীদের নির্দেশনা আর অনুসরণ করেননি। সরকারি কৌঁসুলি ও প্রতিরক্ষা পক্ষ একমত হয়েছে যে পকেন সরাসরি কোনো গোপন তথ্য চীনের হাতে তুলে দেননি। তবে আদালতে পকেন নিজে স্বীকার করেন যে তিনি অনেক গোপন তথ্য জেনেছিলেন এবং তা চীনাদের জানিয়েছিলেন। নিজের কর্মকাণ্ডকে ভুল ও ভয়াবহ উল্লেখ করে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক উন্নত করার উদ্দেশ্যেই তিনি এই কাজ করেছিলেন।