উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষার্থীদের দৈনন্দিন পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়লেও পরীক্ষার ফলাফলের ওপর এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। জানুয়ারিতে প্রকাশিত ওইসিডি-র ডিজিটাল এডুকেশন আউটলুক ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, কাঠামোগত নির্দেশনা ছাড়া এআই ব্যবহার করলে শেখার প্রকৃত অগ্রগতি হয় না। গবেষক ড্রাগন গাসেভিচ এই পরিস্থিতিকে মেটাকগনিটিভ অলসতা হিসেবে চিহ্নিত করেছেন, যা শিক্ষার্থীর জ্ঞানার্জনের চেষ্টাকে দুর্বল করে দেয়।
ভোডাফোন ফাউন্ডেশনের জন্য ইপসোসের করা এক জরিপে দেখা গেছে, ৭টি ইউরোপীয় দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী ৭ হাজার শিক্ষার্থী বাইরে পড়াশোনার সময় এআই ব্যবহার করছে। এদের মধ্যে ৫৬ শতাংশ তথ্য পেতে এবং ৪৫ শতাংশ বিভিন্ন ধারণা বুঝতে এআই ব্যবহার করে থাকে। তবে ৩১ শতাংশ শিক্ষার্থী বাড়ির কাজের সম্পূর্ণ সমাধান পেতে এটি ব্যবহার করলেও মাত্র ২০ শতাংশ নিজস্ব পকিল্পনা তৈরিতে এটি ব্যবহার করে।
যুক্তরাজ্যের ১০৫৪ জন পূর্ণকালীন স্নাতক শিক্ষার্থীর ওপর চালিত হিপি ও করটেক্সের জরিপে দেখা গেছে, ৪৯ শতাংশ শিক্ষার্থী মনে করেন এআই তাদের অভিজ্ঞতার উন্নতি ঘটিয়েছে। এ ছাড়া একাকীত্বের বিষয়ে ৫৯ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন এআই তাদের অনুভূতিতে কোনো প্রভাব ফেলেনি, যেখানে ২১ শতাংশ কম এবং ২০ শতাংশ বেশি একাকীত্ব অনুভব করেছেন।
চীন এআই শিক্ষার জন্য বছরে অন্তত আট ঘণ্টা বাধ্যতামূলক করেছে এবং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার শিক্ষাক্রমে এটি যুক্ত করেছে। তবে স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ডেভিড স্ট্রমবার্গ এবং হংকং বিশ্ববিদ্যালয়ের ভিক্টর লেই ও ইয়ানহুই উ-এর যৌথ গবেষণায় ভিন্ন চিত্র উঠে এসেছে।
চীনের প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর ওপর ৩০ মাস ধরে চালানো এই গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহারের ফলে বাড়ির কাজের স্কোর ১৮ শতাংশ বাড়লেও সময় ৩০ শতাংশ কমে গেছে। তবে ছয় মাসের মধ্যে ক্লোজড-বুক পরীক্ষায় এই শিক্ষার্থীদের স্কোর ২০ শতাংশ কমে যায় এবং উচ্চপর্যায়ের পরীক্ষাতেও তাদের ফলাফল খারাপ হয়।