উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংসদীয় কমিটির সভাপতির পদ এবং সরকারের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে সব সভাপতির পদ সরকারি দলের দখলে রাখার সমালোচনা করে তিনি বলেন, মেজরিটি পার্টি বিকাম অব পার্লামেন্ট—এটাকেই তো স্বৈরাচার বলে।
সংসদীয় কমিটির সভাপতির পদে বিরোধী দলকে ২৬ শতাংশ দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে সমঝোতা হয়েছিল বলে জানান তাহের। তিনি বলেন, আলোচনার ভিত্তিতে সরকারি দল বিরোধী দলকে ১০টি সভাপতির পদ দেওয়ার কথা বলেছিল এবং তালিকাও দিয়েছিল। কিন্তু পরে সরকারের আচরণে হতাশা প্রকাশ করে তিনি বলেন, সরকারি দলের আচরণে আমাদের এই পার্লামেন্টে থাকার ব্যাপারে খুব ইন্টারেস্ট কমে যাচ্ছে।
মন্ত্রীরা বারবার বক্তব্যের জবাব দেওয়ায় সংসদের আলোচনার ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় উপনেতা। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, এভাবে তো একজন আরেকজনের কথা থাকতে হবে এবং একটি জায়গায় শেষ হতে হবে। কোনো কমিটিতে পদ দেওয়ার বিনিময়ে সভাপতির পদ দেওয়ার প্রস্তাবের সমালোচনা করে তিনি আরও বলেন, আমরা তো বাচ্চা ছেলে না যে ললিপপ দেখিয়ে আমাদের নিয়ে যাবেন। সরকারের প্রতি বৈষম্য না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আরেকটা বৈষম্যবিরোধী আন্দোলন চাচ্ছি না।