উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানকে গোপনে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে রাশিয়া। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এসব অস্ত্র মূলত জাহাজ ও স্থলভাগে হামলার কাজে ব্যবহার করা হতে পারে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস গত বুধবার সকালে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, সি৪৩০এল সাংকেতিক নামের এই কর্মসূচিটি ২০২৩ সালে শুরু হয়। রুশ অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনএক্সপোর্ট এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা এনপিও মাশিনোস্ট্রোইনিয়া যৌথভাবে এটি পরিচালনা করছে। এই প্রকল্পের অংশ হিসেবে রুশ প্রকৌশলীরা একাধিকবার ইরান সফর করেছেন।
প্রতিনিধিদলে ছিলেন ক্রুজ ক্ষেপণাস্ত্রের শীর্ষ নকশাবিদ আলেকজান্ডার দেরগাচেভ ও আলেকজান্ডার চেবাকভ। এছাড়া রোসোবোরোনএক্সপোর্টের কর্মকর্তা ভ্লাদিস্লাভ কুজমিচেভও ইরানে সফরে গিয়ে সি৪৩০এল চুক্তি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে ২০২৫ সালের মধ্যে রুশ প্রতিষ্ঠানটি ইরানের কাছ থেকে প্রযুক্তিগত নথি ও উপকরণ হাতে পায়।
এদিকে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিষেধাজ্ঞার বিষয়ে মস্কোর অবস্থানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে, তেহরান ও মস্কো একত্রে যুক্তরাষ্ট্রের একতরফাবাদ প্রতিহত করতে সক্ষম। অস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিনজ জানিয়েছেন, এই সহযোগিতায় অভিজ্ঞ রুশ প্রকৌশলীদের সরাসরি প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।