উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মাল্লাপট্টি ব্রিজ সংলগ্ন ডাম্পিং প্রকল্পের ১ কোটি ৫২ লাখ টাকার সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি পাথরের সঙ্গে ইটের রাবিশ খোয়া মেশানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলাম ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে রাতের আঁধারে এই অনিয়ম করেছেন। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে ওই কর্মকর্তা পাথর থেকে ইটের খোয়া সরিয়ে নিতে বাধ্য হন।
জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, চার মাস মেয়াদি এই কাজটি পায় রাজধানীর মহাখালীর বিসমিল্লাহ কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মনজুর মোল্লা এবং চলতি বছরের ২১শে জানুয়ারি শুরু হয়ে ২১শে এপ্রিলের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ হয়নি এবং বারবার ঠিকাদার পরিবর্তন করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই হাতবদলের নেপথ্যে রয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলাম। সরকারি নিয়ম উপেক্ষা করে তিনি নকশা পরিবর্তন করে নিজের ইচ্ছামতো কাজ করিয়েছেন এবং অর্থ আত্মসাৎ করেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাথরের সঙ্গে ইটের খোয়া মিশিয়ে ঢালাই দেওয়া হয়েছে এবং নম্বরবিহীন ইট দিয়ে গাইড ওয়াল তৈরি করা হয়েছে। গাইড ওয়ালের খুঁটিতে চারটির বদলে তিনটি রড এবং ১২ মিলিমিটারের পরিবর্তে ৮ মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে। এসব অনিয়মের কারণে গাইড ওয়ালের খুঁটিতে এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে এবং অনেক জায়গায় রাস্তা ধসে পড়ার উপক্রম হয়েছে। তবে এত কিছুর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে গোয়ালন্দ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলাম রাতের অন্ধকারে ভুলবশত শ্রমিকদের ইটের রাবিশ মেশানোর কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, নকশা অনুযায়ী কাজ করলে তা টেকসই হতো না বলেই নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে তিনি টাকা আত্মসাৎ বা কোনো অনিয়মের কথা অস্বীকার করেন। অন্যদিকে পৌরসভার ডিপিডি মাহমুদ টিপু জানিয়েছেন, ডাম্পিং প্রকল্প ও রাস্তার কাজে কোনো অনিয়ম প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।