উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রে জীবিকা ও উন্নত ভবিষ্যতের আশায় পাড়ি জমানো বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে প্রবাসীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সম্প্রতি হত্যা, ছিনতাই ও হামলার মতো ঘটনা বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত তিন মাসে বিভিন্ন স্থানে পাঁচজন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে এপ্রিলে ফ্লোরিডাতে দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টি প্রাণ হারান। এছাড়া জুলাইয়ে ফিলাডেলফিয়ায় ডেলিভারির কাজ করার সময় মাহফুজ হক এবং আগস্ট মাসে নিউইয়র্কে দোকানে কর্মরত অবস্থায় রাজু ও টেনেসীতে রানা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। কেউ কর্মস্থলে, কেউ ডেলিভারি দিতে গিয়ে, আবার কেউ নিজ বাসাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
নিউইয়র্কের বায়তুল আমান ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আজিরুদ্দীন জানান, যুক্তরাষ্ট্রে বন্দুকের অবাধ বিস্তার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারগুলোর স্বচ্ছ বিচার দাবি করেছেন বিশিষ্টজনেরা। তবে নিউইয়র্ক পুলিশের প্রাক্তন লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক একে টার্গেটেড কিলিং না বলে র্যান্ডম কিলিং হিসেবে দেখছেন।
ফ্লোরিডার ঘটনার পর সরকারিভাবে লাশ দেশে পাঠানো হলেও অন্যদের ক্ষেত্রে কনস্যুলেট ও স্থানীয় সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান জানান, বিপদে প্রবাসীদের পাশে দাঁড়াতে হাজারো সংগঠন থাকলেও তাদের তেমন কার্যকর দেখা যায় না।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মাদ মোজাম্মেল হক জানান, যোগাযোগ করা পরিবারগুলোকে সর্বোচ্চ সেবা দেওয়া হয়েছে। তবে নিউইয়র্ক ও টেনেসীতে নিহত দুই বাংলাদেশির পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, প্রবাসীদের সেবায় সেপ্টেম্বর থেকে কনস্যুলেট একটি কল সেন্টার চালু করতে যাচ্ছে।মূলক হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ আশাবাদী বলে তিনি উল্লেখ করেন।