উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিন মেয়ের জনক মোহাম্মদ ছায়েদুর রহমানের দুই মেয়ে ঢাকায় থাকেন এবং অপর মেয়ে চট্টগ্রামে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
নিহতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি ব্যাংকে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং তখন তাকে স্বাভাবিকই দেখা গেছে। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন বলে জানা যায়। মিটিং শেষে বাসায় ফেরার পর তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে দেন এবং দীর্ঘ সময় কোনো সাড়াশ শব্দ পাওয়া যায়নি।
দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে যে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল জানান, এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।