উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে অর্ধশত বছরের পুরনো ও মালিকানাধীন কবরস্থানের ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক হাজার মৃতদেহ সমাহিত হওয়া এই পবিত্র কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগকে গ্রামের লোকজন সাধুবাদ জানিয়েছেন। ইতিপূর্বে এই কবরস্থানের চারপাশের তিন অংশে সীমানা প্রাচীর নির্মিত হলেও সড়কের পাশের অংশ অরক্ষিত রয়েছে।
সড়ক সংলগ্ন অংশ অরক্ষিত থাকায় সেখানে গরু ও ছাগল চষে বেড়ায় এবং অবাধে মানুষের বিচরণের কারণে কবরস্থানের পবিত্রতা বিনষ্ট হচ্ছিল। এর প্রেক্ষিতে প্রবাসীরা পবিত্র এই কবরস্থানের সুরক্ষায় এগিয়ে আসেন এবং সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন। তবে গ্রামের একটি বিশেষ মহল এই সীমানা প্রাচীর নির্মাণের নামে ভূমি দখলের অভিযোগ তুললে প্রবাসীদের মাঝে হতাশা ও এলাকায় ক্ষোভ দেখা দেয়।
পুলিশ এ ঘটনায় দুই পক্ষকে তলব করলেও অভিযোগকারীদের সাড়া পাওয়া যায়নি এবং পুলিশি নজরদারির বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. আবুল হোসেন। বুরহানপুর গ্রামের মানিকপুর মৌজার জেএল নং ৪৬, খতিয়ান নং ১৯ এবং ৬৪১, ৬৪২ ও ১০৪ নং দাগের ভূমিতে অবস্থিত এই কবরস্থানে একটি মাজারও রয়েছে। ভূমি মালিকদের অনুমতিক্রমে এবং প্রবাসীদের অর্থায়নে সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি একটি জলাশয়কে পুকুরে পরিণত করে মুসল্লিদের অজুখানা নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন জানান, গুজব রটনাকারী মেহের গংদের আত্মীয়স্বজনকেও এই কবরস্থানে সমাহিত করা হয়েছে এবং তারা অহেতুক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন। ভূমি মালিকানার উত্তরাধিকারী তারেক রহমান বলেন, তাদের মালিকানাধীন ভূমিতে অবস্থিত অরক্ষিত এই কবরস্থানের সীমানা প্রাচীর নিয়ে গুজবের ফলে ভালো কাজে প্রবাসীরা নিরুৎসাহিত হবেন। তিনি আরও বলেন, কবরস্থানের ভূমি মালিকানাধীন হলেও এখানে যেকোনো মৃত ব্যক্তিকে সমাহিত করায় বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।