উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ লাগালে সবুজ বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। গত বুধবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, বরং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে গাছের সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি হবে।
বৃক্ষরোপণকে শুধু সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।