উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৃটেনে আবারও বাধ্যতামূলক সেনাসেবা চালুর আশঙ্কা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, তবুও ১৩টি শান্তি ও ধর্মীয় সংগঠনের জোট এই সম্ভাবনা সম্পূর্ণ নাকচ করার দাবি জানিয়েছে। ফোর্সেসওয়াচ, পিস প্লেজ ইউনিয়ন ও বৃটেনের কোয়েকারদের মতো সংগঠনের সমন্বয়ে গঠিত এই জোট বিষয়টি নিয়ে একটি আবেদন শুরু করেছে। তাদের মতে, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ বা সশস্ত্র বাহিনীকে যুক্ত করে কোনো ধরনের জাতীয় সেবা চালু করা উচিত নয়।
ফোর্সেসওয়াচের এমা স্যাংস্টার জানান যে, জাতীয় সেবা তরুণদের জন্য উপকারী হিসেবে প্রচার করা হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে শারীরিক ও মানসিক ঝুঁকি এবং যুদ্ধের নৈতিক দায়। সামরিকীকরণনির্ভর নিরাপত্তা প্রকৃত মানবনিরাপত্তা নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করে তারা তরুণদের জোরপূর্বক সামরিক সেবায় নিয়োজিত করার বিরোধিতা করেন। ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক আলোচনার পাশাপাশি শান্তিকর্মীদের এই প্রচারণা আরও গতি পেয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টি ১৮ বছর বয়সীদের জন্য জাতীয় সেবার পরিকল্পনা প্রস্তাব করলেও বর্তমান লেবার সরকার কেবল ‘গ্যাপ ইয়ার’-এর সুযোগ বাড়িয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে কোনো বাধ্যতামূলক সেনাসেবা নেই এবং দেশটির সরকার বরাবরই পেশাদার ও স্বেচ্ছাসেবী বাহিনীর ওপর নির্ভর করে আসছে। তবে ইউগভের ৩ হাজার ৪৪ জনের ওপর চালানো জরিপে দেখা গেছে, ৪০ বছরের কম বয়সীদের ৩৮ শতাংশ নতুন বিশ্বযুদ্ধ শুরু হলে সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানাবেন।
জরিপে আরও প্রকাশ পায় যে, বৃটেনে সরাসরি আক্রমণ আসন্ন হলেও ৩০ শতাংশ তরুণ সেনাসেবায় যেতে চান না, তবে ৭২ শতাংশ উত্তরদাতা বাধ্যতামূলক সেবা উভয় লিঙ্গের জন্যই প্রযোজ্যের পক্ষে মত দিয়েছেন। শান্তি আন্দোলনের সংগঠনগুলোর মতে, বাধ্যতামূলক সেনাসেবা তরুণদের শিক্ষা ও কর্মজীবনের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত করবে এবং সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া সম্পূর্ণ একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। বৃটেনে ১৯১৬ সালের প্রথম বিশ্বযুদ্ধ এবং ১৯৩৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই বাধ্যতামূলক সেনাসেবা চালু করা হয়েছিল, যা ১৯৬০ সালে বিলুপ্ত হয়।