উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্কিন সরকারি সংস্থাগুলোতে চীনা হ্যাকারদের হামলার বিষয়ে আগের দেওয়া বক্তব্য সংশোধন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, নাসা ও ফেডারেল রিজার্ভের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল, তবে সব সংস্থা হ্যাকিংয়ের শিকার বা ক্ষতিগ্রস্ত হয়নি।
শুক্রবার বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, কিউটিএফওয়াই (QTFY) নামক চীন সমর্থিত একটি হ্যাকিং গ্রুপ এসব সংস্থাকে লক্ষ্যবস্তু করেছিল। এর আগে গত ২৬ আগস্টের এক বিবৃতিতে সংস্থাগুলোকে হ্যাকিংয়ের ‘শিকার’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা এখন সংশোধন করে ‘লক্ষ্যবস্তু’ বলা হয়েছে।
এফবিআইয়ের এক হলফনামা অনুযায়ী, ২০১৮ সাল থেকে মার্কিন ফেডারেল নেটওয়ার্কগুলো হ্যাকারদের নিশানায় রয়েছে। এই তালিকায় নাসা, ফেডারেল রিজার্ভ, জ্বালানি বিভাগ, বিচার বিভাগ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং মার্কিন সিনেটের নাম রয়েছে।
হলফনামায় বলা হয়েছে, সফটওয়্যার প্যাচিংয়ের কারণে নাসার নেটওয়ার্কে হ্যাকারদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনটি ন্যাশনাল ল্যাবরেটরি, এনআইএইচ এবং একটি নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে হ্যাকাররা অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ করা হয়েছে।
এফবিআই ও এনএসএ-র এক যৌথ নির্দেশনায় জানানো হয়েছে, ২০২৪ সালের মে মাসে কিছু প্রতিরক্ষা ঠিকাদার ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য চুরি হয়েছে। এছাড়া ২০২৬ সালের মার্চ মাসে মার্কিন সিনেট ও একটি হাসপাতালে অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টার কথাও সেখানে উল্লেখ করা হয়।
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সাইবার নিরাপত্তাকে ব্যবহার করে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তারা জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে চীনা কোম্পানিগুলোর ওপর বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপের বিরোধিতা করেন।