উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় যমুনা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্যতা সমীক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে সার্ম অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অথরাইজড সিগনেটরি প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সমীক্ষা কাজে যৌথভাবে সম্পৃক্ত রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড (ইআরএমসি) নেপাল, সুইডিশ ন্যাশনাল রোড কনসালটিং এবি (সুইরোড) সুইডেন, দাসান কনসালট্যান্টস কোম্পানি লিমিটেড কোরিয়া, দেশ উপদেশ লিমিটেড বাংলাদেশ এবং সার্ম অ্যাসোসিয়েটস লিমিটেড বাংলাদেশ। এছাড়া সাব-কনসালট্যান্ট হিসেবে কাজ করবে টিলার বাংলাদেশ, যা দীর্ঘমেয়াদি যোগাযোগ চাহিদা পূরণে টেকসই ও নিরাপদ সেতু নির্মাণের পথ দেখাবে।
সমীক্ষার মাধ্যমে প্রস্তাবিত দুই সেতু নির্মাণের উপযুক্ত স্থান, অ্যালাইনমেন্ট এবং কারিগরি ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় বিস্তারিত যাচাই করা হবে। এজন্য কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক ও আর্থিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রস্তাবিত বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে উপযোগী বিকল্পের সুপারিশ দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সরকার বিভিন্ন মেগা অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে। দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি দেশের সেতু অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সমীক্ষার মেয়াদ ১২ মাস নির্ধারণ করা হলেও গুণগত মান বজায় রেখে আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যে এর কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন সেতু সচিব। প্রস্তাবিত সেতু দুটি নির্মিত হলে দেশের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বিদ্যমান সড়কের চাপ কমে পণ্য ও যাত্রী পরিবহনে গতি আসবে।