উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্কুল জেলা নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এর আওতায় ২-কে বা প্রি-স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী পড়বে। এবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস কর্তৃপক্ষ।
তবে এই নিষেধাজ্ঞা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং তাদের জন্য বছরে দুবার এআই বিষয়ে সচেতনতামূলক ক্লাস নেওয়া হবে। এসব ক্লাসের লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রযুক্তিটি সম্পর্কে সমালোচনামূলকভাবে চিন্তা করতে শেখানো, যাতে তারা এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়ে। এর আগে নিউইয়র্কের পাবলিক স্কুলগুলোতে শিক্ষাদানের সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে দিনব্যাপী বিধিনিষেধও চালু করা হয়েছিল।
নতুন এই এআই নীতির মাধ্যমে নগর ও স্কুল জেলা কর্তৃপক্ষ শিক্ষার্থী ও শিক্ষকদের জেনারেটিভ এআইয়ের ওপর নির্ভর না করে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানো, সম্পর্ক গড়ে তোলা এবং সৃজনশীলতা বিকাশের আহ্বান জানিয়েছে। নিউইয়র্ক সিটি স্কুলসের চ্যান্সেলর কামার স্যামুয়েলস বলেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের সেই গুরুত্বপূর্ণ চিন্তাশক্তি পুনর্গঠনে সহায়তা করবে, যা তাদের স্কুল থেকে সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন।
এদিকে নিউইয়র্কের এই সিদ্ধান্তের বিপরীতে হোয়াইট হাউস শ্রেণিকক্ষে দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছে। প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন যে, এআই শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।