উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণে উত্তর আমেরিকা থেকে কয়েকশ কোটি ডলার মূল্যের বিপুল পরিমাণ সোনা সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি)। ব্যাংক অব ইংল্যান্ডে এই সোনা স্থানান্তরের ফলে সংকটকালীন পরিস্থিতিতে মূল্যবান এই ধাতু আরও সহজে কেনাবেচা করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসিকে ডিএনবি জানিয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে চলা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে মোট ৮৬ টন সোনা সরিয়ে নেওয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার চলমান বাণিজ্য বিরোধ এবং একে অপরের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণার মধ্যেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের প্রেসিডেন্ট ওলাফ স্লেইপেন সংবাদমাধ্যমকে বলেছেন, আমাদের অর্থনৈতিক সহনশীলতা ও জরুরি প্রস্তুতি আরও জোরদার করার জন্যই এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ছিল। গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত চলা এই স্থানান্তর প্রক্রিয়ায় নিউইয়র্ক ও অটোয়া থেকে সোনা জেইস্টে নেওয়ার পর তা লন্ডনে পাঠানো হয়।
বিপুল পরিমাণ সোনা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কীভাবে পরিবহন করা হয়েছে, নিরাপত্তার স্বার্থে ব্যাংক তা প্রকাশ করেনি। তবে প্রক্রিয়ার বাকি অংশ সম্পন্ন করা হয়েছে মূলত নিউইয়র্কে সোনা বিক্রি করে এবং পরবর্তীতে লন্ডনে তা আবার কিনে নেওয়ার মাধ্যমে। ডিএনবির ভাষ্য অনুযায়ী, ব্যাংক অব ইংল্যান্ডে রক্ষিত সোনাকে বিশ্বের সবচেয়ে সহজে বিক্রয়যোগ্য সোনা হিসেবে গণ্য করা হয়, যা যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত ব্যবহার করা যায়।
এই স্থানান্তরের আগে ডিএনবির মোট সোনার ৩১.৩ শতাংশ নিউইয়র্কে এবং ১৯.৭ শতাংশ অটোয়ায় থাকলেও বর্তমানে উভয় স্থানেই এই হার কমে ১৮.৫ শতাংশে নেমেছে। ২০২৫ সালের শেষ নাগাদ নেদারল্যান্ডসের মোট সোনার মজুত ছিল ৬১২.৪ টন, যার আর্থিক মূল্য প্রায় ৭২.২ বিলিয়ন ইউরো। বর্তমান এই স্থানান্তরের ফলে লন্ডনে ডিএনবির সোনার মজুতের অংশ ১৮.১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২.১ শতাংশে এবং ৩০.৮ শতাংশ সোনা এখনো নেদারল্যান্ডসেই সংরক্ষিত রয়েছে।