উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন জানাতে আফ্রিকার ফুটবল ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি স্যামুয়েল ইতো। ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইনফান্তিনো ফুটবলকে বদলে দিয়েছেন এবং আফ্রিকার ফেডারেশনগুলোর দ্রুত উন্নয়নে সহায়তা করেছেন। মহাদেশের ফুটবলে অবদানের জন্য তাঁর পাশে থাকা উচিত বলে মন্তব্য করেন সাবেক এই ফরোয়ার্ড।
আগামী ২০২৭ সালের ১৮ মার্চ অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে পুনরায় সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। তাঁর নেওয়া সিদ্ধান্তের ফলেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশ্বকাপে আফ্রিকার ৯টি দেশ সরাসরি খেলার সুযোগ পাচ্ছে, যা ২০২২ কাতার বিশ্বকাপে ছিল মাত্র ৫টি। ইতো উল্লেখ করেন, যেসব দেশ অতীতে কখনো বিশ্বকাপের মতো মঞ্চে খেলার সুযোগ পায়নি, ইনফান্তিনো তাদের সেই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছেন।
ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সঙ্গে ফিফা সভাপতির চলমান বিরোধ প্রসঙ্গে ইতো জানান, আফ্রিকার দেশগুলোর বাজেট ও বাস্তবতা ধনী দেশগুলোর মতো নয়। অনেক ফেডারেশনের বাজেট যেখানে মাত্র দেড় লাখ ইউরো, সেখানে বড় দেশগুলোর সঙ্গে তুলনা চলে না। বাজেটের স্বল্পতার কারণেই আফ্রিকা নিজেদের প্রতিভা ধরে রাখতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, ক্যামেরুনের যদি বছরে ২ থেকে ৪ কোটি ডলারের বাজেট থাকত, তবে হয়তো এমবাপ্পে কিংবা চুয়ামেনির মতো ফুটবলাররা তাঁদের দেশের হয়েই খেলতেন।
উয়েফা বিশ্ব ফুটবলে বড় অবদান রাখলেও এটিই একমাত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনফেডারেশন নয় বলে মন্তব্য করেন ইতো। উল্লেখ্য, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নতুন সংস্থায় হস্তান্তরের একটি বাতিল হওয়া প্রস্তাব নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগ গঠনের লক্ষ্যে প্রমাণ জোগাড় করতে উয়েফা বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি আদালতের শরণাপন্ন হয়েছে।