উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বাড়লেও অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানির ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিভক্ত অবস্থান বজায় রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। গত মঙ্গলবার ও বুধবার আয়ারল্যান্ডের উইকলুতে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক ইনফরমাল বৈঠকে এই বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে, যার সভাপতিত্ব করে আয়ারল্যান্ড। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইইউর পররাষ্ট্র নীতিপ্রধান কায়া কালাস বাণিজ্য নিষেধাজ্ঞার সম্ভাবনার বিষয়টি উল্লেখ করেননি। এর আগে জুলাই মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত জিমনিচ বৈঠকে তিনি জানিয়েছিলেন যে মন্ত্রীরা আমদানি লাইসেন্সিং সিস্টেম, নিষিদ্ধ শুল্ক বা নিষেধাজ্ঞা—এই তিনটি বিকল্প নিয়ে আলোচনা করেছিলেন। সেই সময় কালাস জানান যে নিষেধাজ্ঞার পরিকল্পনাটি সবচেয়ে বেশি সমর্থন পেলেও কোনো একটি নির্দিষ্ট বিকল্পের পক্ষে স্পষ্ট কোনো সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়নি। এছাড়া বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের জন্য মন্ত্রীদের সর্বসম্মত মতামতের প্রয়োজন আছে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে। ইইউর বাণিজ্যিক সিদ্ধান্ত সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পাস হতে পারে, তবে বড় রাজনৈতিক বা নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বসম্মত ভোটের প্রয়োজন হয়। বৈঠকে আয়ারল্যান্ড এবং স্পেনের পাশাপাশি বেলজিয়াম ও নেদারল্যান্ডসের সমর্থনে অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানিকৃত পণ্যের ওপর ইইউ-ব্যাপী নিষেধাজ্ঞার দাবি জানানো হয়। অন্যদিকে জার্মানি, অস্ট্রিিয়া, চেক প্রজাতন্ত্র এবং হাঙ্গেরি স্পষ্টভাবে জানিয়েছে যে তারা অবৈধ বসতির ওপর যেকোনো নিষেধাজ্ঞার চেষ্টার বিরোধিতা করবে। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের সাথে কূটনৈতিক চ্যানেলগুলোকে ব্যাহত করবে। আয়ারল্যান্ডই প্রথম ইইউ দেশ যারা ইসরায়েলি বসতির পণ্য আমদানি নিষিদ্ধ করেছিল এবং ২০২৩ সাল থেকে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেলেও দেশটি বসতি সম্প্রসারণের তীব্র সমালোচনা করে আসছে। বৈঠকে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন রক্ষায় আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যাওয়া উচিত এবং এক ক্ষেত্রে তা মেনে অন্য ক্ষেত্রে না বলা বিশ্বাসযোগ্য নয়। বৈঠকের স্থান হিসেবে ব্যবহৃত গলফ রিসোর্টের কাছে বেশ কয়েকজন বিক্ষোভকারী ইসরায়েলকে বয়কট করার আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ প্রদর্শন করেন।