উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ১৫ সেপ্টেম্বরের পর দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। বর্তমান পরিস্থিতির কারণে সাধারণ মানুষের কষ্টের বিষয়ে সরকার সমব্যথী বলে উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী জানান, গত ২১ জুলাই নষ্ট হওয়া ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ ১৫ আগস্ট ঠিক হলেও আমদানি কার্গো রিসিডিউল করার কারণে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। বর্তমানে ৮৮ শতাংশ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হলেও বাকি ১২ শতাংশ দ্রুত সম্পন্ন করার কাজ চলছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে এবং রামপালের একটি ইউনিটও পূর্ণ সক্ষমতায় চলছে না বলে তিনি উল্লেখ করেন।
সমুদ্র অশান্ত থাকায় বঙ্গোপসাগর থেকে লাইটারেজ জাহাজের মাধ্যমে মোংলায় কয়লা আনতে সমস্যা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আবহাওয়া স্বাভাবিক হলে এবং পায়রা ও রামপাল কেন্দ্র পূর্ণ সক্ষমতায় ফিরলে বিদ্যুৎ খাতের দৃশ্যমান উন্নতি ঘটবে। এর ফলে শিল্পখাত ও গৃহস্থালি গ্রাহকদের বর্তমান ভোগান্তি অনেকাংশে কমে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।