উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলা সিনেমার প্রচার, প্রসার ও গুণগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা বেঙ্গল ফিল্ম সোসাইটি এবার আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সংগঠনটি নিবন্ধিত হয়েছে।
চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক জীবন শাহাদাতের আবেদনের প্রেক্ষিতে গঠিত এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচ। সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন জীবন শাহাদাৎ। সম্প্রতি সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমানের কাছ থেকে নিবন্ধনের সনদপত্র গ্রহণ করেন তিনি। সংগঠনটির নিবন্ধন নম্বর এফ সি-০৭/২০২৬।
সনদ গ্রহণের পর সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ জানান, সরকারি চলচ্চিত্র সংসদ আইন ২০১১ অনুসরণ করে দেশ ও বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা চলচ্চিত্রের বিকাশ ও মানোন্নয়নে তারা কাজ করতে চান। তিনি আরও বলেন, এই অনুমোদনের মধ্য দিয়ে তাদের দায়িত্ব আরও বৃদ্ধি পেল। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংগঠনটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারি নিবন্ধনের ফলে তাদের কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন, নির্মাতা ও কর্মীদের মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধি এবং সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির প্রসারে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।