উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে স্বজনদের বাড়ি সফর শেষে ভারতে ফেরার পথে বেনাপোলে গৌতম মিস্ত্রি (৫৫) নামের এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বেনাপোল বন্দরে পৌঁছে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গৌতম মিস্ত্রি ভারতের কলকাতার কালিয়ানগরের সুরাইয়া সেন পল্লী এলাকার বাসিন্দা এবং রমনী মিস্ত্রির ছেলে। নিহতের স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট তারা বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে বরিশালে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে ১২ দিন বেড়ানো শেষে বুধবার সকালে নিজ দেশে ফেরার উদ্দেশ্যে বেনাপোলে পৌঁছালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ঘটনার পর নিহতের স্ত্রী ইমিগ্রেশন কার্যালয়ে আসেন। মরদেহ ভারতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র পাওয়া গেলে ওপার বাংলার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।