উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে সাদপন্থিদের সঙ্গে এক আলোচনা শেষে তিনি এই তথ্য জানান। পুলিশ সদর দপ্তর ও জেলা পর্যায় থেকে সংগৃহীত সমন্বিত তথ্যের ভিত্তিতে অপরাধচিত্র আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত সূচক অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে আরও কিছু সময়ের প্রয়োজন। তবে বর্তমান সার্বিক চিত্রে সরকার সন্তুষ্ট রয়েছে বলে তিনি জানান।
সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় পুলিশের তৎপরতার উদাহরণ দিয়ে মন্ত্রী জানান, এক শিক্ষিকার মৃত্যুর মর্মান্তিক ঘটনায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ডিবি অভিযান চালিয়ে আরও কয়েকজন আসামিকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল জব্দ করতে সক্ষম হয়। পুলিশের এমন কঠোর ও তাৎক্ষণিক অভিযানের কারণে ছিনতাইয়ের প্রবণতা হ্রাস পাচ্ছে এবং সামনে তা আরও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অসহযোগিতা করছেন, তাদের চিহ্নিত করতে নিজস্ব অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি সক্রিয় রয়েছে। এ ধরনের কর্মকর্তাদের আইডেন্টিফাই করার কাজ চলছে এবং সাধারণ জনগণের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুলিশ বাহিনীকে পুরোপুরি সক্রিয় করার কাজ চলমান রয়েছে বলেও তিনি এ সময় উল্লেখ করেন।