উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্যালারি ক্যাপ নিয়ম লঙ্ঘনের দায়ে লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স ফ্র্যাঞ্চাইজিকে ৩ কোটি ডলার জরিমানা এবং পাঁচটি প্রথম রাউন্ডের ড্রাফট পিক বাতিল করেছে এনবিএ। পাশাপাশি স্টার ফরোয়ার্ড ক্যাওয়াই লেনার্ডকে ৭ লাখ ডলার জরিমানা করা হয়েছে এবং দলটির বেশ কয়েকজন শীর্ষ নির্বাহী ও মালিককে নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার প্রকাশিত এই স্বাধীন তদন্ত প্রতিবেদনে জানা যায়, ক্লিপার্সের পক্ষ থেকে লেনার্ডের অফ-কোর্ট আয় ও স্পনসরশিপের জন্য নিয়মবহির্ভূত সুযোগ তৈরি করা হয়েছিল। তবে লিগের এই সিদ্ধান্ত ও তদন্তের ন্যায্যতা নিয়ে বুধবার তীব্র অসন্তোষ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে ক্লিপার্স কর্তৃপক্ষ।
ক্লিপার্সের মালিক স্টিভ বালমারকে এক বছরের জন্য লিগ ও দলের সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং দলটির প্রেসিডেন্ট অব বিজনেস অপারেশন্স গিলিয়ান জুকারকে এক বছর বেতনহীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এছাড়া বাস্কেটবল অপারেশন্সের প্রেসিডেন্ট লরেন্স ফ্রাঙ্ককে ছয় মাসের জন্য বেতনহীনভাবে নিষিদ্ধ করেছে এনবিএ কর্তৃপক্ষ।
লেনার্ডের নতুন এজেন্ট হ্যারিসন গেইনসের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে স্যালারি ক্যাপ ফাঁকি দেওয়ার কোনো উদ্দেশ্য সম্পর্কে লেনার্ডের কোনো ধারণাই ছিল না। দীর্ঘ এক বছর ধরে পরিচালিত এই তদন্তের পর এনবিএ এবং ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন একমত হয়েছে যে এই শাস্তিগুলো চূড়ান্ত ও বাধ্যতামূলক।
উল্লেখ্য, ৩৫ বছর বয়সী লেনার্ড গত মৌসুমে ক্লিপার্সের হয়ে ৬৫টি ম্যাচে প্রতি ম্যাচে গড়ে ২৭.৯ পয়েন্ট, ৬.৪ রিবাউন্ড এবং ৩.৬ অ্যাসিস্ট করেছেন। টরন্টো র্যাপ্টরসের সঙ্গে তার সম্ভাব্য ট্রেড নিয়ে আলোচনা চললেও লিগের এই শাস্তির ফলে তার ভবিষ্যৎ এবং মূল চুক্তি কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।