উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরের বড়াইগ্রামে বনভোজনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বনভোজনের বাসে থাকা অন্তত ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহত ব্যক্তিরা সবাই সিরাজগঞ্জ শাহিন স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবক বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৭ জনের নাম জানা গেছে, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শাহিন স্কুলের কয়েকটি বাস রাজশাহী সাফিনা পার্কে বনভোজনের উদ্দেশে রওনা হয়েছিল। মানিকপুর এলাকায় পৌঁছানোর পর নাটোর থেকে ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত সবাই নিজ নিজ এলাকায় ফিরে গেছেন বলে জানা গেছে। বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।