উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্কিন বাহিনীর হামলায় নিহতদের রক্ত কখনো বৃথা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাসনিম নিউজ এজেন্সির খবরে জানানো হয়, গত বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এক বার্তায় এই হুঁশিয়ারি দেন আইআরজিসি প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি। গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি উপকূলীয় শহরে বিয়ের অনুষ্ঠানে এই বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। এতে এক শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৬৮ জন আহত হন।
আইআরজিসি প্রধান মার্কিন বাহিনীর এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই সন্ত্রাসী ও অমানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শয়তানি চেহারা আবারও বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে। নিরাপদ পরিবেশে একটি বিয়ের অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের ওপর চালানো এই অপরাধ শত্রুদের দীর্ঘদিনের ক্ষোভের প্রকাশ। একই সঙ্গে এটি ইরানি জনগণের ইস্পাতকঠিন সংকল্পের সামনে তাদের অসহায়ত্ব ও হতাশাও স্পষ্ট করে তুলেছে।
নিহতদের পরিবারের পাশাপাশি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা ও ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আইআরজিসি প্রধান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, শহীদদের পবিত্র রক্তের বিচারহীনতা কোনোভাবেই থাকবে না। হরমুজের যুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশের সার্বভৌমত্বের জন্য প্রাণ দেওয়া শহীদদের রক্তের পবিত্রতা রক্ষায় সশস্ত্র বাহিনী কাজ করছে। জাতি ও ইসলামি দেশের নিরাপত্তা রক্ষায় তারা সর্বশক্তি দিয়ে দায়িত্ব পালন চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।