উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের কারখানার প্রধান ফটকে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে কর্মচারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকে কেন্দ্র করে কারখানা এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হলেও প্রতিবারই শুধু আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু কোনো বাস্তবায়ন হয়নি। তাদের অভিযোগ, চাকরি স্থায়ীকরণের পর যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা তা তারা পাচ্ছেন না এবং চলতি বছরে ইনক্রিমেন্ট দেওয়া হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এভাবে দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
কর্মচারীরা ন্যূনতম ২০ শতাংশ হারে বেতন বৃদ্ধি, ৭ মাসের এরিয়া বিল ও ফুডিং বিল প্রতি মাসের বেতনের সঙ্গে দেওয়ার দাবি জানান। এছাড়া প্রভিডেন্ট ফান্ড চালু, আহত শ্রমিকের চিকিৎসার ব্যয় বহন, চাকরির নিরাপত্তা এবং বরখাস্তের ক্ষেত্রে এক মাস কাজ ও তিন মাসের বেতন দেওয়ার দাবি তুলেছেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে কোম্পানির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন কর্মচারীরা।
এ বিষয়ে প্রিমিয়ার সিমেন্ট কারখানার অ্যাডমিন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, ইনক্রিমেন্টের বিষয়ে যাবতীয় কাগজপত্র হেড অফিসে পাঠানো হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসার পর তা জানিয়ে দেওয়া হবে। ২০২৪ সালের আগে কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে তিনি জানান যে ২০২৪ সালে দেওয়া হয়েছিল তবে তার আগের বিষয়ে তার জানা নেই।