উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মুন্সীগঞ্জে মাহবুব উল আলম স্বপনের বিরুদ্ধে মামলা করেছেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বকুল। দল থেকে বহিষ্কৃত থাকার পরও বিএনপির দলীয় প্যাড ও পদবি ব্যবহার করে জেলা প্রশাসকের কাছে আবেদন করার অভিযোগে মামলাটি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর থানায় দণ্ডবিধির ৪১৯ ধারায় মামলাটি দায়ের করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে গত ৩০ আগস্ট মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে একটি আবেদন দেওয়া হয়। অভিযোগকারী মোখলেছুর রহমান বকুলের দাবি, ওই আবেদনে বিএনপির দলীয় প্যাড ব্যবহার করা হয়েছে এবং মাহবুব উল আলম স্বপন নিজেকে ‘শহর বিএনপির সদস্যসচিব’ হিসেবে পরিচয় দিয়েছেন।
অভিযোগে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুব উল আলম স্বপনসহ কয়েকজনকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বাদীর অভিযোগ, বহিষ্কারের বিষয়টি গোপন রেখে স্বপন বিএনপির দলীয় পরিচয় ও পদবি ব্যবহার করে সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এতে সরকারি কর্তৃপক্ষ বিভ্রান্ত হওয়ার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক পরিচয় ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাহবুব উল আলম স্বপন ধানের শীষের বিপরীতে ফুটবল প্রতীকের সমর্থকদের পক্ষে অবস্থান নেওয়ার কথা অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছিলেন। একপর্যায়ে তিনি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণাও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।বাদী মোখলেছুর রহমান বকুলের দাবি, দলীয় পদ থেকে বহিষ্কৃত হওয়ার পরও বিএনপির পদবি ও দলীয় প্যাড ব্যবহার করে স্বপন নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এ কারণে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
তবে মামলায় অভিযুক্ত মাহবুব উল আলম স্বপন অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে বিএনপি থেকে বহিষ্কারের যে কাগজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল, সেটি যাচাই করে তারা ভুয়া বলে জানতে পেরেছেন। স্বপন বলেন, ‘আমরা মৌখিকভাবে দল ছাড়ার ঘোষণা দিয়েছিলাম, এটা সত্যি। কিন্তু লিখিতভাবে কোনো পদত্যাগপত্র দিইনি। তাছাড়া দল থেকেও বহিষ্কারের কোনো কাগজ আমরা পাইনি।’ মামলা দায়েরের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭টি বছর লড়াই করেছি, দুর্দিনে বিএনপির হাল ধরেছি। আমি বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করব।’
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে মাহবুব উল আলম স্বপন মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন বলে দলীয় সূত্রে জানা যায়।২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা বিএনপির তৎকালীন সদস্যসচিব মো. মহিউদ্দিনের পক্ষে তিনি অবস্থান নেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন স্বপন। এরপর গত ১৬ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্যাডে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে মাহবুব উল আলম স্বপনসহ কয়েকজনকে বহিষ্কারের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ওই বহিষ্কারাদেশের সত্যতা নিয়ে স্বপন প্রশ্ন তুলেছেন। ফলে দলীয় পদবি ব্যবহার ও বহিষ্কারের বিষয়টি নিয়ে এখন বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
মামলাটি দায়েরের পর অভিযোগের সত্যতা, দলীয় পদবি ব্যবহারের বৈধতা এবং বহিষ্কারাদেশের প্রকৃত অবস্থান তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।