উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের প্রবেশপথ সাইনবোর্ড থেকে জেলা পরিষদ পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ সময় মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও অনুমোদনহীন বিলবোর্ড অপসারণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সওজের আওতাধীন জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অস্থায়ী স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের পাশে স্থাপন করা অনুমোদনহীন বিলবোর্ডও অপসারণ করা হয়েছে।জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে কোনো স্থাপনা নির্মাণ কিংবা অনুমোদনহীন বিজ্ঞাপনসামগ্রী স্থাপন করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অপসারণ করা বিভিন্ন মালামাল নিলামের মাধ্যমে নিষ্পত্তির জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সড়ক ও জনপথের জায়গা দখলমুক্ত রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।