উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতারপ্রবাসী পারভেজের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশে লুকোচুরি শুরু করেছেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। বৃহস্পতিবার তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিলেও সাংবাদিকরা দেখতে চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন এবং এটি জনসম্মুখে প্রকাশ করা যাবে না বলে মন্তব্য করেন। সরকারি কর্মকর্তার এমন আচরণে সচেতন মহলের মধ্যে তীব্র সন্দেহের সৃষ্টি হয়েছে এবং হাসপাতালটির চিকিৎসাজনিত অবহেলা ও অনিয়ম ঢাকতে তথ্য গোপন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর অপারেশন থিয়েটারেই তরুণ প্রবাসীর মৃত্যু হয় এবং পরে চার লাখ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। চিকিৎসাজনিত অবহেলার অভিযোগে জনগণের ক্ষোভের মুখে সিভিল সার্জন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত জমিলা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মো. মাইনুল ইসলাম বর্তমানে নোয়াখালী জেলা সিভিল সার্জনের প্রশাসনিক আওতাভুক্ত প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাটসের জুনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকাকালীন দুর্নীতি ও অনিয়মের দায়ে পদোন্নতি পেয়ে ম্যাটসে বদলি হন। অন্যদিকে, গঠিত তদন্ত কমিটির সদস্যরাও সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, যেখানে অভিযুক্ত ডা. মাইনুল একসময় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রশাসনিক প্রধান ও বর্তমান সহকর্মীর প্রতিষ্ঠানের অনিয়ম আড়াল করতেই সিভিল সার্জন এই তদন্ত প্রতিবেদন লুকিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে সিভিল সার্জন দাবি করেছেন যে রোগীকে কোনো অ্যানেসথেসিয়া দেওয়া হয়নি এবং অপারেশন থিয়েটারে নেওয়ার পর কার্ডিয়াক এরেস্টে তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন। তবে ঠিক কোন যুক্তির ওপর ভিত্তি করে তিনি এই কথা বলছেন, সে বিষয়ে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।