উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশালের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ভবন নির্মাণের ইট, রড, বালু ও পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এর ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে। রাস্তা ও ফুটপাত থেকে এসব অবৈধ নির্মাণসামগ্রী অপসারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না। গত বুধবার দুপুরে নগরের ফরেস্টার বাড়ি পুলের বিপরীতে নবগ্রাম রোডে একটি রিকশা বালু ও পাথরের স্তূপের ওপর উল্টে পড়ে দুই যাত্রী আহত হন। স্থানীয়দের অভিযোগ, সেখানে নির্মাণাধীন মরিয়ম টাওয়ারের মালামালে রাস্তা ও ফুটপাতের বড় অংশ দখল হয়ে আছে।
নগরের সরকারি বালিকা বিদ্যালয়, বগুড়া রোড, অক্সফোর্ড মিশন সড়ক, হাসপাতাল রোড, কলেজ এভিনিউ, বাংলাবাজার ও কালীবাড়িসহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী আসমা আক্তার জানায়, পিস টাওয়ারের মালামাল রাস্তায় ফেলে রাখায় চলাচলে বেশ অসুবিধা হয়। নবগ্রাম সড়কের বাসিন্দারা জানান, বটতলা থেকে ফরেস্টার বাড়ি পুল পর্যন্ত জলাবদ্ধতার অন্যতম কারণ রাস্তার ওপর রাখা এই নির্মাণসামগ্রী। এ বিষয়ে মডার্ন লিবার্টি টাওয়ার ও মরিয়ম টাওয়ারে গিয়ে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি এবং শ্রমিকরাও এ নিয়ে কিছু বলতে চাননি।
বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সহসভাপতি আব্দুর রশিদ নিলু বলেন, নগরকে সুন্দর রাখতে হলে সড়ক ও ফুটপাত দৃশ্যমান রাখতে হবে এবং সিটি করপোরেশনকে আইন প্রয়োগ করে এই দখল বন্ধ করতে হবে। বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লকিতুল্লাহ সিকদার জানান, সুউচ্চ ভবনের মালিকেরা রাস্তার ওপর মালামাল রেখে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। তিনি আরও বলেন, দ্রুত বহুতল ভবনের মালিকদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।