উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে ডিএনডি লেকে আনুষ্ঠানিকভাবে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ডিএনডি লেক শুধু একটি জলাধার নয়, এটি এই এলাকার মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লেককে দখল ও দূষণমুক্ত রেখে মৎস্য সম্পদের উন্নয়ন করতে হবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়াতে নিয়মিতভাবে মৎস্য পোনা অবমুক্ত করা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের কল্যাণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে রয়েছে এবং পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। এ সময় তিনি ডিএনডি লেকের পরিবেশ রক্ষা এবং অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আয়োজকরা জানান, ডিএনডি লেকে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন ও সদস্য সচিব মেহেদী হাসান সানির আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন ও মহানগর যুবদল সদস্য জুয়েল রানা।