উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর রূপনগর এলাকার একটি টিনশেড বাসা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রূপনগর থানাধীন বাসা-৩০, রোড-২, সেকশন-৫, রূপনগর টিনশেড এলাকার একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কক্ষের ভেতর নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে রূপনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহের কাজ শুরু করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই নারীকে দুই থেকে তিন দিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তার পরিচয় ও মৃত্যুর আসল রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় রূপনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনা সম্পর্কে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ জানান, অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। তবে এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু— সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি এবং থানা পুলিশের সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।