উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জ্বালানি সংকটের মধ্যে গ্যাস ও তেল ব্যবহার করে গাড়ি বহর নিয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে অবিবেচনাপ্রসূত ও গণবিরোধী বলে আখ্যায়িত করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জনগণের স্বার্থের কথা বিবেচনা করে বিরোধী দলের অবিলম্বে এই কর্মসূচি প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
বর্তমান জ্বালানি সংকটের জন্য ছয় মাস বয়সী বিএনপি সরকার কোনোভাবেই দায়ী নয় বলে উল্লেখ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৈশ্বিক সংকট, মহেশখালীর এলএনজি টার্মিনালে দুর্ঘটনা এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের লুটপাট ও ভ্রান্ত নীতির কারণেই গ্যাস স্বল্পতা ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। বিদ্যুৎ, তেল ও গ্যাসের এই সংকটে পরিবহন এবং গৃহস্থালিসহ দৈনন্দিন সবকিছু যখন ব্যাহত হচ্ছে, তখন সহস্রাধিক গাড়ি নিয়ে লাখ লাখ লিটার জ্বালানি খরচ করে লংমার্চ করা জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে বলে জানান তিনি।
সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে সভায় নেতাকর্মীদের আশ্বস্ত করেন বিএনপি’র এই নেতা। সারের মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বিএনপি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, বিগত ৪৮ বছরে দলটি কখনো জনগণকে ছেড়ে যায়নি এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গেই থাকবে।
হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধান মহালে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট পৌর বিএনপি’র আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।