উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন যে, কোয়াড জোটকে সামরিক রূপ দিয়ে পশ্চিমা দেশগুলো ভারতকে চীনের সঙ্গে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। রাশিয়ার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের (ইইএফ) এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ল্যাভরভ দাবি করেন, কোয়াড জোটে নিজেদের বর্তমান অবস্থান নিয়ে ভারত বেশ অস্বস্তিতে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান এই জোটে নিয়মিত সামরিক উপাদান যুক্ত করার চেষ্টা চালাচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা মহড়ার মাধ্যমে ভারতকে চীনের বিরুদ্ধে একটি ভূরাজনৈতিক খেলায় টেনে আনার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া নিয়ে গঠিত কোয়াড মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য, প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কাজ করে। এই চার দেশ নিয়মিতভাবে মালাবার নৌ মহড়ায় অংশ নেয়। পশ্চিমা দেশগুলো আসিয়ান জোটের কেন্দ্রীয় ভূমিকা ক্ষুণ্ন করতে এই অঞ্চলে ছোট ছোট জোট তৈরি করছে বলে অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ভারতকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনকে নিয়ে একটি দ্বিতীয় কোয়াড গঠনেরও চেষ্টা চলছে। আসিয়ান জোটের ঐক্য খণ্ডিত করাই এর মূল লক্ষ্য। এর আগে গত বছরের মে মাসে ন্যাটো ভারতকে চীনবিরোধী ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি।