উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরিয়ার নতুন নেতৃত্ব সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলের গোপন রাসায়নিক অস্ত্র কর্মসূচির অবশিষ্ট উপাদানগুলো ধ্বংস করা শুরু করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার কূটনীতিকরা জানান, এর মধ্যে রয়েছে মারাত্মক গ্যাস হামলায় ব্যবহৃত কাঁচামাল ও গোলাবারুদ।
জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চ প্রতিনিধি ইজুমি নাকামিতসু নিরাপত্তা পরিষদকে জানান, ২০১৪ সালের পর প্রথমবারের মতো সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের বিষয়টি যাচাই করেছে ওপিসিডব্লিউ। গত মে মাসে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আসাদ আমলের রাসায়নিক অস্ত্রের এসব অবশিষ্টাংশ খুঁজে পায়।
গত মাসে ওপিসিডব্লিউর একটি দল সিরিয়ায় গিয়ে ৪২টি বিমান বোমা অপরিবর্তনীয়ভাবে ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করে। সিরিয়ার জাতিসংঘের দূত ইব্রাহিম ওলাবি জানান, পূর্ববর্তী শাসনব্যবস্থা থেকে মুক্ত হওয়ার পর এটিই প্রথম রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া।
ওলাবি আরও জানান, রাসায়নিক অস্ত্র কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে এ বছরের শুরুতে উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাসহ ১৮ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে ইসরায়েলের বারবার হামলা তল্লাশি ও ধ্বংসের কাজ ব্যাহত করছে বলে তিনি উল্লেখ করেন।