উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত করিম উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের বাসিন্দা মো. শফির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানিহাট-সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা করিমের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে সড়কেই তাঁর মৃত্যু হয় এবং দীর্ঘক্ষণ মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহত করিম মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উরকিরচরের কেরানিহাট এলাকায় কে বা কারা একজনকে গুলি করে হত্যা করেছে এবং তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত করিমের বিরুদ্ধে ছয় থেকে সাতটি মামলা রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন যে তাঁরা ঘটনাস্থলে আছেন এবং হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়েছে।