উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সির মালিকের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহানা (৩৫), সুমন (৪০) ও ছাব্বির আহম্মেদ (৩৫)। এছাড়া এই ঘটনায় জড়িত অপর এক শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট পাসপোর্ট ও ওমরাহ সংক্রান্ত কাগজ দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আহম্মেদনগরের একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে সোহানা কৌশলে তাকে শয়নকক্ষে নেওয়ার পর চক্রের অন্য সদস্যরা প্রবেশ করে তাকে মারধর করেন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। পরে ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে নগদ দুই লাখ ৯০ হাজার টাকা এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে আরও দুই লাখ ১০ হাজার টাকাসহ মোট পাঁচ লাখ টাকা আদায় করে চক্রটি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা অত্যন্ত পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের মাধ্যমে এই অপরাধ সংঘটিত করেছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুরের আহম্মেদনগর এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সোহানার কাছ থেকে নগদ ২১ হাজার ৫০০ টাকা ও ব্যাংকের ডিপোজিট স্লিপ এবং অন্যদের কাছ থেকে তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। দীর্ঘ দিন ধরে তারা একই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।