উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান। আলোচনা শেষে পুলিশ সুপার শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার শপথবাক্য পাঠ করান।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে থাকে। লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করে আসছে।