উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদ্যালয়ে যাওয়ার নাম করে ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়েছিল তিন বান্ধবী। তবে তারা বিদ্যালয়ে না গিয়ে অতিরিক্ত জামা-কাপড় ও দুপুরের খাবার নিয়ে একটি পার্কে যাচ্ছিল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়। স্থানীয় জনগণের মধ্যে এই ঘটনা বেশ সাড়া জাগিয়েছে।
জানা যায়, সাম্প্রতিক বন্যায় আশ্রয়ণের ঘরগুলোর ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে কার্যালয়ে ফিরছিলেন চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। পথে কাঞ্চনাবাদ এলাকায় সড়কের পাশে বিদ্যালয়ের ইউনিফর্ম পরা তিন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না গিয়ে স্থানীয় একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা স্বীকার করে।
পরে ইউএনও স্থানীয় ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের সহযোগিতায় তিন শিক্ষার্থীকে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সেখানে তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের ডেকে আনা হয়। অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে তিন শিক্ষার্থী ভবিষ্যতে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়।
ইউএনও মো. আবদুর রহমান বলেন, বিদ্যালয় ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে যাওয়াকে শিক্ষার্থীরা কোনো অপরাধ মনে করেনি। কিন্তু ১২-১৫ বছর বয়সী এসব শিক্ষার্থীরা নির্জন পার্কে ঘুরতে যাওয়ায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।