উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে কলকাতা ভ্রমণরত এবং ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা ও নির্দেশনা জারি করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এই নির্দেশনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভ্রমণকারীদের অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
উপ-হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তা বিধি মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু করতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এই পরিস্থিতিতে চিকিৎসার উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে কলকাতা ভ্রমণকারী নাগরিকদের আসার আগেই হোটেলের বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে রোগীর সফরসঙ্গীদের কলকাতায় পৌঁছানোর পূর্বেই হোটেলের বৈধতা এবং হাসপাতালের সঙ্গে দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
কলকাতায় এসে যাতে কোনো ধরনের আবাসসংকটে পড়তে না হয়, সেজন্য হোটেল বুকিং নিশ্চিত করা ছাড়া ভ্রমণ না করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে উপ-হাইকমিশন। স্থানীয় প্রশাসনের নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রেও বাংলাদেশি নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।