উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার দামোধরতপী পয়েন্টে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত আসির মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় তার স্বজনরা হট্টগোল সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় হাতকড়ার একাংশ ভেঙে যায় এবং আসির মিয়া তা নিয়েই একটি লেগুনায় চড়ে পালিয়ে যান।
পালিয়ে যাওয়ার পরই ওই আসামি ভাঙা হাতকড়া হাতে নিয়ে ফেসবুকে লাইভ করেন। নিজেকে অনলাইন কনটেন্ট ক্রিয়েটর দাবি করে তিনি বলেন যে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং পুলিশ তাকে হঠাৎ ঘেরাও করে হাতকড়া পরিয়েছে।
ঘটনার পর পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং পলাতক আসামিকে ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার এসআই নুরউদ্দিন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেছেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন যে আসামিকে গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।