উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি যোদ্ধা এবং সরকারি বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। গত বৃহস্পতিবার ইরান-সমর্থিত গোষ্ঠীটি লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করলে এই লড়াই তীব্র আকার ধারণ করে।
তাইজ প্রদেশের আল-মাকখা ও তাইজের সংযোগকারী সড়কটি বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় হুথিরা। আল জাজিরার প্রতিবেদক ইউসেফ মাউরি সানায়া থেকে জানান, আল-মাকখা বন্দর দখল করতে পারলে সরকারি বাহিনীর কৌশলগত সরবরাহ রুট বন্ধ হয়ে যেত।
ইয়েমেনের আর্মি মিডিয়া সেন্টার জানিয়েছে, তাইজ ও হুদেইদাহ প্রদেশের জনবহুল এলাকায় ১৪টি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এ ছাড়া মাখবনা পাহাড়সহ বেশ কিছু এলাকায় হুথিরা অনুপ্রবেশের চেষ্টা চালায় এবং সংঘর্ষে ১৮ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হন।
অন্যদিকে এএফপি এজেন্সিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্র জানিয়েছে, সংঘর্ষে ১৩ জন সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছেন। বন্দর ও সংলগ্ন এলাকায় দুই পক্ষের লড়াইয়ের কারণে ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেন সংঘাতে জর্জরিত রয়েছে। ২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও সাম্প্রতিক মাসগুলোতে পুরো ফ্রন্ট লাইনে ড্রোন হামলা ও গোলাগুলি বৃদ্ধি পেয়েছে।