উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চাষকৃত ফসলি জমি জবরদখল করে জোরপূর্বক বালু ভরাট করে রাস্তা নির্মাণের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাথপাড়ায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এই কর্মকাণ্ড চালানো হয় বলে কৃষক ও স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন।
জমি নিয়ে চলা দ্বন্দ্বে ওই এলাকার বর্গাচাষি আবদুর রহিমের ফসলি জমিতে কাঁচভাঙা ফেলে তার পা ক্ষতবিক্ষত করা হয়েছে। ভুক্তভোগী কৃষক রহিম জানান, তিনি ভেলোয়ারপাড়ার মো. ইসমাইল নামের প্রকৃত মালিকের কাছ থেকে জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। প্রতি বছর জমির খাজনা বাবদ তিনি মালিককে ধান দিয়ে আসছেন বলে জানান।
কৃষাণী রোকেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে জানান, তিনি এই জমিতে দীর্ঘ ২০ বছর ধরে অত্যন্ত পরিশ্রমের সাথে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু কোনো ধরনের পূর্বানুমতি বা অবগতি ছাড়াই একটি পক্ষ তার এই ফসলের জমি দখল করে রাস্তা নির্মাণ করেছে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, নজির আহমেদ গং পক্ষের কাছ থেকে জমিসংক্রান্ত একটি লিখিত অভিযোগ তারা হাতে পেয়েছেন। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিভিন্ন জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
হাটহাজারীর সহকারী কমিশনার ভূমি মো. শাহেদ আরমান এ বিষয়ে জানান, কৃষকের ফসল নষ্ট করে এভাবে রাস্তা নির্মাণ করা একেবারেই উচিত হয়নি। এটি ব্যক্তিগত জায়গা হলেও যেহেতু লিখিত অভিযোগ পাওয়া গেছে, তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।