উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছোট বোট ফুরিয়ে যাওয়ায় মানবপাচারকারীরা এখন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসীদের বৃটেনে পৌঁছে দিতে বড় আকারের মেগা-ডিঙ্গি ব্যবহার করছে। বিবিসির এক নতুন অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে এবং গত মাসে ২৩০ জন অভিবাসীকে বহনকারী একটি বিশাল ফোলানো বোটের ছবি জনমনে ব্যাপক বিস্ময় তৈরি করে। ১০ই আগস্টের ওই যাত্রায় একটি ছোট বোটে সর্বোচ্চসংখ্যক মানুষ পার হওয়ার রেকর্ড তৈরি হয় এবং মাত্র ১৭ দিন আগে ১৬৫ জনের যে রেকর্ড হয়েছিল, সেটিও ভেঙে যায়।
২৩০ জনের এই বোটে থাকা মানুষের সংখ্যা একটি বোয়িং ৭৩৭ বিমানের সাধারণ ধারণক্ষমতার চেয়েও বেশি ছিল। অভূতপূর্ব এই ঘটনা রাজনীতিকরা অবৈধ অভিবাসন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন এমন অভিযোগের জন্ম দেয় এবং ফরাসি পুলিশও আবারও হস্তক্ষেপে ব্যর্থ হওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়ে। তবে অনুসন্ধানে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরঞ্জাম সরবরাহের চেইন ব্যাহত করার সফলতার কারণে পাচারকারীদের ছোট বোট ফুরিয়ে যাওয়ায় এই মেগা-ডিঙ্গির হঠাৎ আবির্ভাব ঘটেছে।
বোটের সংখ্যা কমে যাওয়ায় আগে আলাদাভাবে পরিচালিত প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলো এখন পরস্পরের সঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছে এবং কমসংখ্যক বড় বোটে আরও বেশি অভিবাসীকে গাদাগাদি করে তোলা হচ্ছে। চক্রের সদস্যরা জানিয়েছেন যে এ ধরনের আরও বড় বোট ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে, যা ইংলিশ চ্যানেলের উভয় পাশে জরুরি উদ্ধারকর্মীদের মধ্যে মানুষের জীবনহানির ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ৪ঠা আগস্ট চ্যানেলের মাঝখানে একটি ডিঙ্গিতে আগুন ধরে যাওয়ার ঘটনায় ১৭০ জনকে উদ্ধার করার মাধ্যমে এই বিপদের চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে।
ফরাসি কর্তৃপক্ষের দাবি, ছোট বোটগুলো উপকূলে পৌঁছানোর আগেই তারা এর প্রায় দুই-তৃতীয়াংশ আটকে দিচ্ছে, যার ফলে পারাপারের সুযোগ কমে যাচ্ছে এবং অভিবাসীদের বেশি অর্থ দিতে হচ্ছে। বর্তমানে মানবপাচারকারীরা অবৈধভাবে বৃটেনে পৌঁছে দেয়ার জন্য মাথাপিছু প্রায় ২ হাজার পাউন্ড নিচ্ছে বলে ধারণা করা হয় এবং ১০ই আগস্টের মেগা-ডিঙ্গি পারাপার থেকে পাচারকারীদের প্রায় ৪ লাখ ৫০ হাজার পাউন্ড লাভ হতে পারে। দোতলা বাসের চেয়েও বেশি অর্থাৎ ৪২ ফুট দৈর্ঘ্যের নতুন এই মেগা-ডিঙ্গিগুলোকে ভাসমান মৃত্যুফাঁদ হিসেবে বর্ণনা করা হচ্ছে।
সীমান্ত ও অভিবাসনবিষয়ক সাবেক প্রধান পরিদর্শক ডেভিড নিল বলেন, সংগঠিত অপরাধী চক্রগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেয়া যেকোনো পদক্ষেপ এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। পুলিশ যদি পাচারকারীদের ডিঙ্গি ও সামুদ্রিক সরঞ্জাম সংগ্রহের যে কোনো একটি পথ বন্ধ করে দেয়, তাহলে চক্রগুলো সঙ্গে সঙ্গে অন্য নির্মাতা ও আমদানি পথ খুঁজতে শুরু করবে এবং সংগঠিত অপরাধীদের মোকাবিলা করা সবসময়ই বিড়াল-ইঁদুরের খেলা।