উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার কেরানীগঞ্জে ভূমিদস্যুতার মাধ্যমে কৃষকদের জমি দখল ও আবাসন ব্যবসার নামে প্রতারণার অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ভূমিদস্যুদের হাত অনেক বড় এবং তারা উচ্চ সমাজে বাস করেন, তাই তাদের কোনোভাবেই দুর্বল ভাবলে চলবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চরপানিয়া এলাকায় রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, কেরানীগঞ্জ একসময় কৃষিপ্রধান এলাকা থাকলেও হাউজিং প্রকল্পের নামে গরিব কৃষকদের জায়গা গ্রাস করা হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় উল্লেখ করেন, অনেকে জমি বিক্রি করেও সম্পূর্ণ টাকা পাননি এবং চক্রটি নকশার তুলনায় বেশি প্লট বিক্রি করেছে। এর ফলে কৃষকদের পাশাপাশি জমির ক্রেতারাও প্রতারণার শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে বলে মন্তব্য করে তিনি জানান, রাতারাতি কোনো কিছু করা সম্ভব নয় এবং কাজগুলো যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা সহজ নয়। বিভিন্ন বাধার মুখে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় প্রশাসনের ওপরও হুমকি আসে। উল্লেখ্য, তিনি বর্তমানে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।