উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬ শীর্ষক বিল উত্থাপন করা হয়েছে। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিলটি উত্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনপ্রত্যাশা অনুযায়ী র্যাব নামের সংগঠনটি আমরা বিলুপ্ত করছি। তবে সাইবার ক্রাইম, জুয়া ও মাদকের মতো অপরাধ দমনে পুলিশের অধীনে একটি অত্যাধুনিক ও সুসজ্জিত এলিট ফোর্স প্রয়োজন। অতীতের পুলিশের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বাহিনীর প্রধান ছিলেন কুখ্যাত বেনজীর, তাই বলে আমরা পুলিশ বাহিনী বিলুপ্ত করে দেব না।
নতুন বাহিনীর স্বচ্ছতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, এই বিলে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এবং নতুন বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কাজে জড়ালে তার বিচারের জন্য যে কমিটি করা হবে, সেখানে বেসরকারি সদস্য, মানবাধিকার কর্মী এবং জুডিশিয়াল কর্মকর্তা থাকবেন। র্যাব বিলুপ্তির প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নতুন বাহিনী গঠনের ক্ষেত্রে গভীর পর্যালোচনার দাবি জানান এবং অতীত ট্রমার কথা স্মরণ করিয়ে দেন।
আইনটি গভীরভাবে পর্যালোচনার জন্য তিনি স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিলটি উত্থাপন আজ স্থগিত রেখে আগামী সপ্তাহে আনার অনুরোধ জানান। সংসদীয় কমিটিতে বিল পাঠানোর সিদ্ধান্ত বিরোধীদলীয় নেতার দাবির প্রেক্ষিতে সংসদে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার যুক্তির প্রতি সম্মান জানিয়ে বলেন, বিলটি আজ উত্থাপিত হয়ে সংসদের প্রপার্টি হিসেবে থাকুক এবং এরপর এটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।