উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইন্দোনেশিয়া জুড়ে ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে এবং দেশটির কিছু এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে আগুন জ্বলছে। বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ কালিমানতান এবং সুমাত্রার লাখ লাখ মানুষ এসব দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়াশায় অসুস্থ হয়ে পড়ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার এই দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে মালয়েশিয়া ও ফিলিপাইনেও ছড়িয়ে পড়েছে।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে জুলাই ও আগস্ট মাসে ভূমি ও বন দাবানলের সঙ্গে সংশ্লিষ্ট শ্বাসতন্ত্রের সংক্রমণের ৫০ হাজারের বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। আক্রান্ত এসব রোগীর মধ্যে ১২ হাজারের বেশি শিশুর বয়স পাঁচ বছরের কম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে শত শত স্বাস্থ্যকর্মী মোতায়েন করার পাশাপাশি মাস্ক ও অক্সিজেন সিলিন্ডারের মতো প্রয়োজনীয় সহায়তাও বিতরণ করা হচ্ছে।
দাবানলের জন্য কেউ কেউ দয়াক সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠীকে দায়ী করলেও ওই সম্প্রদায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শত শত বছর ধরে কালিমানতানের বিভিন্ন সম্প্রদায় কৃষিকাজের জন্য জমি পরিষ্কার করতে ছোট আকারের নিয়ন্ত্রিত আগুন ব্যবহার করে আসলেও আদিবাসীরা বড় আকারের দাবানলের জন্য তাদের ঐতিহ্যবাহী পদ্ধতিকে দায়ী করার অভিযোগ প্রায়ই অস্বীকার করে আসছেন। অতীতের গবেষণায় দেখা গেছে, কালিমানতানে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকাণ্ডের পরিবর্তে কর্তৃপক্ষ প্রায়ই ছোট কৃষক ও আদিবাসী সম্প্রদায়ের ওপর দায় চাপিয়েছে।
এদিকে ঘন ধোঁয়াশা পুরো এলাকায় ছড়িয়ে পড়ায় মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটানোর কার্যক্রম এবং অগ্নিনির্বাপক উড়োজাহাজ পরিচালনাও বেশ জটিল হয়ে পড়েছে। ইন্দোনেশিয়া থেকে ধোঁয়া সীমান্ত পেরিয়ে প্রতিবেশী মালয়েশিয়ায় ছড়িয়ে পড়ায় দেশজুড়ে বায়ুর মানের অবনতি হয়েছে এবং হাঁপানি ও চোখের প্রদাহের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সুমাত্রার পালেমবাং শহরের আকাশ থেকে দেখা যায়, বিশাল আমপেরা সেতু এবং একটি লাইট রেল ট্রানজিট স্টেশন ঘন ধোঁয়াশার আড়ালে প্রায় অদৃশ্য হয়ে গেছে।