উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আজ (বৃহস্পতিরবার) বিদেশি দূতদের ব্রিফিং করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। এই উচ্চপর্যায়ের ব্রিফিংয়ে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে কথোপকথনের বিষয়টি তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, বন্যার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪ হাজার ২০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কার্যক্রমের হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকির বোঝা নেপালকে বহন করতে হচ্ছে, অথচ এই পরিস্থিতির জন্য দেশটির দায় সবচেয়ে কম।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান এবং জানান যে তারা দাতব্য নয় বরং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রত্যাশা করছেন। এ সময় রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান নেপাল সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় নেপাল ও বাংলাদেশের মতো ছোট দেশগুলোর জন্য প্রধান দূষণকারী দেশগুলোর সহায়তা প্রদান করা উচিত।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার বিষয়টি ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নেপালে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়। বাংলাদেশের জাতীয় সংসদে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ, নীরবতা পালন ও দোয়ার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরা হয়।