উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পার্বত্য এলাকার সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সব জাতিগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের সুষম উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে একদিনের সরকারি সফরে বান্দরবানে এসে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন। তিনি জানান যে প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক এবং সরকার টেকসই উন্নয়নে বিশ্বাসী। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী বান্দরবান এমডিএস হাসপাতাল ব্লক ভবনের প্রথম ও দ্বিতীয়তলা নির্মাণকাজের উদ্বোধন করেন এবং তৃতীয়তলা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া তিনি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়তলা ছাত্রাবাস ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমে মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৬ লাখ টাকা।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে জেলার কৃষকদের মাঝে ১৫টি পাওয়ার টিলার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৭ সেট ইলেকট্রনিক শিক্ষা উপকরণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম এবং বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ উপস্থিত ছিলেন। এছাড়াও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসার আবু বিন ইয়াছির আরাফাতসহ সেনাবাহিনী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।