উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় মফিজুল ইসলাম নামের এক বাক্প্রতিবন্ধীর পৈতৃক আবাদি জমি দখলের চেষ্টা চলছে। স্থানীয় ফরমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া সাক্ষী দিয়ে মিথ্যা মামলা করার গুরুতর এই অভিযোগ উঠেছে। স্থানীয় তহশিল কার্যালয়ের অসাধু কর্মীদের যোগসাজশে জমির ডিপি বইয়ের দাগ নম্বর কাটছাঁট করে রেকর্ড করানোর দাবি করেছে ভুক্তভোগী পরিবার। জমি রক্ষায় কোনো উপায় না পেয়ে বাক্প্রতিবন্ধী মফিজুলের স্ত্রী রেহেনা বেগম সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছেন।
১৯৮৪ সালে ফরমত আলীর আপন ভাই একরামুল হকের কাছ থেকে আট শতক জমি দলিলের মাধ্যমে কেনেন মফিজুলের বাবা মমতাজ আলী। মমতাজ আলীর মৃত্যুর পর থেকে বাক্প্রতিবন্ধী মফিজুল ওই জমিতে নিয়মিত চাষাবাদ ও ভোগদখল করে আসছেন। সম্প্রতি ফরমত আলী ১৩২০ নম্বর খতিয়ানের ৭৪২ নম্বর দাগটি নিজের দাবি করে মফিজুলকে চাষাবাদে বাধা দেন। এর আগে ফরমতের করা মামলার তদন্তে পুলিশ মফিজুলের পক্ষেই আদালতে প্রতিবেদন দাখিল করেছিল।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন মফিজুলের স্ত্রী রেহেনা বেগম। নতুন ওই মামলায় তহিদুল ইসলাম নামের এক ভ্যানচালককে সাক্ষী করা হলেও তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। সম্পূর্ণ অজান্তে তাঁকে মিথ্যা মামলার সাক্ষী করায় তহিদুল পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ফরমটের ভাই একরামুল হকও নিজের ভাইয়ের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ তুলেছেন।
সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফরমত আলী দাবি করেন জমির বৈধ রেকর্ড তাঁরই নামে রয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, না জানিয়ে মামলায় সাক্ষী করার বিষয়ে তহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।