উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কাঠমান্ডুর ত্রিভুবন হাসপাতালের আশপাশের এলাকায় লাশ পচে যাওয়ার দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। হাসপাতালের বাইরে দড়িতে ঝোলানো রয়েছে অসংখ্য ছবি। নেপালে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া ভয়াবহ এই ট্র্যাজেডির এটি একটি মর্মস্পর্শী চিত্র।
নির্মাণাধীন একটি পানিবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতর প্রায় এক হাজার শ্রমিকের কোনো হদিস নেই। মরিয়া হয়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে ৯ দিন টানেলের ভিতরে অক্সিজেন, খাদ্য ও পানির সংকটে তাদের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন সবাই। নিখোঁজ মানুষের সংখ্যা কত হাজার তার সঠিক হিসাব নেই এবং কোনো কোনো মাধ্যমে বলা হচ্ছে এ সংখ্যা ৪/৫ হাজার বা তারও বেশি হতে পারে।
২৬শে আগস্টের আকস্মিক বন্যা ও ভূমিধসের এক সপ্তাহ পরও চিকিৎসকদের জন্য লাশগুলোর আঙুলের ছাপ বা পরিচয় শনাক্ত করার অন্যান্য চিহ্ন পরীক্ষা করা কঠিন হয়ে পড়েছে। রাজধানীর এই প্রধান হাসপাতালে ২রা সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে ১৬১টি মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হাসপাতালের বাইরে স্বজনরা অপেক্ষা করছেন এই আশায় যে অন্তত তাদের প্রিয়জনের মৃতদেহটি যেন পাওয়া যায়, কিন্তু লাশগুলো এতটাই বিকৃত হয়ে গেছে যে তা শনাক্ত করা অসম্ভব ব্যাপার।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মৃতদেহ সাময়িকভাবে দাফন করা হচ্ছে, যাতে কোনো সংক্রমণ বা রোগ ছড়িয়ে পড়তে না পারে। মৃতদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কোন মরদেহ কোথায় দাফন করা হয়েছে তা চিহ্নিত করতে সাইনবোর্ড ও আলাদা নম্বর ব্যবহার করা হচ্ছে। কিছু পরিবার নিখোঁজ স্বজনদের জন্য প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করার মতো যন্ত্রণাদায়ক সিদ্ধান্তও নিয়েছে। নুয়াকোটে পরিবারগুলো প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া করছে এবং ত্রিশূলি নদীর তীরে পুরোহিতরা নিখোঁজ ব্যক্তিদের প্রতীক হিসেবে খড় দিয়ে তৈরি অবয়ব স্থাপন করে হিন্দু ধর্মীয় রীতিতে দাহ অনুষ্ঠান সম্পন্ন করছেন।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক আর্থিক সহায়তা পাওয়ার জন্য কূটনৈতিক উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, হিমবাহ দ্রুত গলে যাওয়া এবং এসব ভয়াবহ পার্বত্য সুনামি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সরাসরি পরিণতি। নেপালের অর্থ মন্ত্রণালয় আন্তর্জাতিক অংশীদারদের কাছে আনুষ্ঠানিকভাবে জলবায়ু ক্ষতিপূরণ দাবি করে একটি চিঠি পাঠিয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, আমাদের হিমালয়ের হিমবাহগুলো যদি বিলীন হয়ে যায়, তাহলে গঙ্গা ও ত্রিশূলির মতো নদীর ওপর নির্ভরশীল দক্ষিণ এশিয়ার ২০০ কোটির বেশি মানুষের পানির নিরাপত্তা স্থায়ীভাবে হুমকির মুখে পড়বে।